
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশের জলসীমায় কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটে থাকা মাদক পাচারকারীরা ৩টি বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা পানিতে ভাসমান ওই বস্তাগুলো উদ্ধার করে। তল্লাশি চালিয়ে ভেতর থেকে মাদকগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রবাল দ্বীপের নিরাপত্তা ও মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০