
পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় নারী সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলীয় ইনিংসের শুরুতেই দ্বিতীয় ওভারে চামোদি হেরাথের বলে আউট হন মাইমুনা নাহার। এরপর আছেনা জান্নাত ও নিশিতা আক্তার নিশি প্রাথমিক প্রতিরোধের চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৪ বলে ১৬ রান করা আছেনাকে ফেরান আসেনি থালাগুনে এবং বিবি আয়েশা শূন্য রানে সাজঘরে ফেরেন। দলের ২৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ার পর অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি ঘুরে দাঁড়ান। চতুর্থ উইকেট জুটিতে তারা ৫৬ রান যোগ করেন। সাদিয়া ইসলাম ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলে চামোদি হেরাথের শিকার হন এবং ১৭তম ওভারে নিশিতা ২৬ রানে আউট হন। শেষদিকে সাদিয়া আক্তারের ১৮ রানের ছোট একটি ইনিংসে ভর করে বাংলাদেশ ১১৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়। দ্বিতীয় উইকেট জুটিতে ২২ রান তোলেন ওপেনার আছেনা জান্নাত ও তিনে নামা নিশিতা আক্তার নিশি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে ওপেনার নেথমি উপেকশাকে হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সাঞ্জানা কাভিন্ডি ও ভিমোক্ষা বালাসুরিয়া ৬২ রানের দারুণ জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। ২৬ বলে ২১ রান করা ভিমোক্ষাকে বোল্ড করে নিশিতা আক্তার নিশি বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন। এরপর ১৮ রানের ব্যবধানে শ্রীলঙ্কার আরও তিন ব্যাটার আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা বাংলাদেশের হাতে চলে আসে। বাংলাদেশের হয়ে নিশিতা ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। ম্যাচসেরা শ্রীলঙ্কান ব্যাটার সাঞ্জানা কাভিন্ডি ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন।
ম্যাচের নাটকীয়তা চরমে পৌঁছায় শেষ ওভারে, যেখানে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। বাংলাদেশের পেসার ফারজানা ইয়াসমিন শেষ ওভারের দায়িত্ব সামলাতে এসে প্রথম বলে কোনো রান দেননি, তবে পরের তিন বলে ৫ রান খরচ করেন। শেষ ২ বলে জয়ের জন্য শ্রীলঙ্কার সমীকরণ দাঁড়ায় ২ রানে। পঞ্চম বলে ইয়াসমিন ওয়াইড বল করলে সমীকরণ আরও সহজ হয়ে যায়। যদিও পরের বলেই একটি উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ধরে রেখেছিলেন তিনি। কিন্তু শেষ বলে প্রয়োজনীয় ২ রান তুলে নিয়ে ৪ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। এই সিরিজের তিন ম্যাচ শেষে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা—তিন দলেরই পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ এখনো টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামী ৬ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জুনিয়র টাইগ্রেসরা পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০