
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। সংগঠনটি অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। সোমবার ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম এক যৌথ বিবৃতিতে এই দাবি তুলে ধরেন।
বিবৃতি অনুযায়ী, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম ও কর্মী বিশাল চক্রবর্তীসহ অন্তত ১০ জন নেতাকর্মীর সরাসরি অংশগ্রহণের অভিযোগ উঠেছে। হামলাকারীরা রামদা, চাপাতি, রড, হকিস্টিক ও বেসবল ব্যাট ব্যবহার করে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেন।
এই বর্বরোচিত হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু উল্লেখযোগ্য। ডুজা নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হওয়া একটি পুরোনো হামলার ঘটনার প্রসঙ্গও টেনে আনা হয়। গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হয়েছিলেন। ওই ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি এবং কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। এমনকি শাহবাগ থানা পুলিশ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো মামলাও রেকর্ড করেনি বলে ডুজা নেতৃবৃন্দ অভিযোগ করেন।
ডুজা নেতৃবৃন্দের মতে, ধারাবাহিক বিচারহীনতা ও দীর্ঘসূত্রতা শুধু বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করছে না, বরং হামলাকারীদের সাহস বাড়িয়ে দিচ্ছে এবং সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টির প্রবণতাকে উৎসাহিত করছে। তারা আরও বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে মানুষ একটি মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশের প্রত্যাশা করছে। সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থতা সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশকেই ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হুমকি ও বাধার যেসব অভিযোগ আসছে, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা গভীর সংকটের মুখে পড়বে বলে সংগঠনটি সতর্ক করেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০