
রাজধানীর রমনা কালীমন্দিরে প্রতিমার গা থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন লিপি কর্মকার (২৯), তাঁর স্বামী অর্ণব রায় (২৯) এবং সুবর্ণবনিক সুমন (৩৫)।
শাহবাগ থানার পুলিশ জানায়, গত ৭ অক্টোবর সংঘটিত এই চুরির ঘটনার রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। এর সূত্র ধরে শাহবাগ থানা পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থা যৌথভাবে উত্তরখানের ধোবাদিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকে লিপি ও অর্ণবকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা সোনা কেনার দায়ে উত্তরখানের স্থানীয় ব্যবসায়ী সুমনকে তাঁর দোকান থেকে গ্রেপ্তার করা হয়। ধোবাদিয়ায় সুমনের সোনার দোকান আছে।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়া জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মন্দিরের প্রতিমা থেকে স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করেছেন। তাঁদের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, এই চক্রটি কেবল রমনা কালীমন্দির নয়, বরং আরও বেশ কয়েকটি স্থানে চুরির সঙ্গে জড়িত। এর মধ্যে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। এছাড়া নারায়ণগঞ্জের দেওভোগের শ্রীশ্রী লোকনাথ মন্দির ও নরসিংদীর একটি কালীমন্দিরেও অনুরূপ চুরির ঘটনা ঘটেছে বলে তথ্য পেয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০