
মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে আয়োজিত প্রতিযোগিতার ৭৫তম আসরের ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে তিনি নজর কেড়েছেন এক অনন্য পোশাকের মাধ্যমে। ‘মাদারহুড: আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ বা মাতৃত্বের সর্বজনীন বন্ধন থিমের এই বিশেষ পোশাকটি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ি। এর সাথে তিনি মানানসই সাবেকি গহনা হিসেবে গলায় হার, মাথায় টিকলি ও হাতে বালা ব্যবহার করেছেন।
মাহি জানান, পোশাকটির নকশা ও প্রতীকগুলো ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক সীমানা পেরিয়ে প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করার মতো। বৃত্তাকার নকশার এই পোশাকে জীবন চক্র ও মা-সন্তানের অবিচ্ছেদ্য বন্ধনকে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, “সীমাহীন ভালোবাসা ও গর্বের সঙ্গে আমি আমার জাতীয় পোশাক উপস্থাপন করেছি। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই পোশাকটি একজন মা ও তার সন্তানের মধ্যকার চিরন্তন ও পবিত্র বন্ধনকে উদযাপন করে।”
পোশাকটির প্রতিটি অংশ শক্তিশালী এক বার্তা বহন করছে উল্লেখ করে মাহি বলেন, “এর প্রতিটি নকশা নিঃশর্ত ভালোবাসা, শক্তি, ত্যাগ এবং মাতৃত্বের এক অপূর্ব যাত্রার গল্প বলে। আমার কাছে এটি শুধুই একটি পোশাক ছিল না। বরং প্রতিটি মায়ের অসংখ্য ত্যাগ ও আমাদের জীবনকে গড়ে তোলার নিঃশর্ত ভালোবাসার প্রতি এটি ছিল আমার হৃদয়ছোঁয়া শ্রদ্ধার্ঘ্য।”
বিশ্বের শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে গত ১১ নভেম্বর এই আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এমন বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত মাহি যোগ করেন, “আমার প্রিয় বাংলাদেশ থেকে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মঞ্চে আমি এমন এক ভালোবাসার গল্প বহন করে নিয়ে গিয়েছি, যা আমাদের সবাইকে একসূত্রে গেঁথে রাখে।” উল্লেখ্য, এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০