
রাজধানীর পল্টনে অবস্থিত ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট 'আইএইচএফ নেশনস ট্রফি' অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৮ থেকে ২২শে অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলবে এই প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আসরে অংশ নিচ্ছে ভারত, নেপাল ও মালদ্বীপ। সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। প্রতিযোগিতা উপলক্ষে পল্টনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ্ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে প্রতিটি দল পরস্পরের বিরুদ্ধে একটি করে ম্যাচে মুখোমুখি হবে। সূচি অনুযায়ী ১৮, ১৯ এবং ২০শে অক্টোবর প্রতিদিন দুটি করে লীগ ম্যাচ অনুষ্ঠিত হবে। লীগ পর্ব শেষে ২১শে অক্টোবর মাঠে গড়াবে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচ। এরপর ২২শে অক্টোবর ফাইনাল ম্যাচে স্বর্ণপদকের জন্য লড়বে শীর্ষ দুই দল। আগামী ১৮ই অক্টোবর সকাল ১১টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকতে সদয় সম্মতি দিয়েছেন। এছাড়া উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
প্রতিযোগিতায় বাংলাদেশকে ফাইনালে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলের অধিনায়ক ইসমেতারা নিশি। তিনি জানান, এবারই প্রথম তারা কোনো বিদেশি কোচের অধীনে নিবিড় অনুশীলন করেছেন। নিশি বলেন, মালদ্বীপ ও নেপাল সাম্প্রতিক সময়ে খেলায় বেশ উন্নতি করেছে এবং নেপালের আটজন খেলোয়াড় তাদের আর্মি দলের হয়ে খেলেন। তাই প্রতিপক্ষ হিসেবে তারা বেশ শক্তিশালী। শুধু ভারতকে নিয়ে না ভেবে সব দলের বিপক্ষেই সর্বোচ্চটা দিয়ে খেলে ফাইনালে ওঠার লক্ষ্য বাংলাদেশ দলের।
বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো কাজ করার সুযোগ দেওয়ায় হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকায় প্রতিপক্ষ দলগুলোর বর্তমান শক্তি সম্পর্কে ধারণা পাওয়া কিছুটা কঠিন। তবে তারা কেবল এই টুর্নামেন্ট জয়ের জন্য নয়, বরং নারী হ্যান্ডবল দলের সুদূরপ্রসারী ভবিষ্যৎ ও শক্ত ভিত তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। খেলায় চেষ্টা ও লড়াইয়ের মানসিকতা বজায় রেখে প্রতিটি ম্যাচে শতভাগ উজাড় করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই বিদেশি কোচ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০