
কাতারের স্বল্প আয়ের পরিবারগুলোর দৈনন্দিন ও জরুরি চাহিদা পূরণের লক্ষ্যে 'শেয়ার দ্য রিওয়ার্ড' নামের একটি ডিজিটাল অনুদান কার্যক্রম শুরু হয়েছে। রফিক অ্যাপ ও কাতার চ্যারিটির যৌথ এই মানবিক উদ্যোগের আওতায় সাধারণ মানুষ খুব সহজেই অ্যাপটির মাধ্যমে দুস্থ পরিবারের সহায়তায় এগিয়ে আসতে পারবেন। এর মাধ্যমে খাদ্যসামগ্রী, পোশাক, চিকিৎসাসেবা এবং শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় বিভিন্ন খাতে অনুদান প্রদান করা যাবে।
এই কার্যক্রমের কার্যপদ্ধতি সম্পর্কে জানানো হয়, কাতার চ্যারিটির আওতাধীন আকরাবুন সেন্টার মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করবে। এই পরিবারগুলোর অগ্রাধিকার ভিত্তিতে কোন ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণ করবে কেন্দ্রটি। এরপর ডিজিটাল প্ল্যাটফর্ম রফিক অ্যাপ ব্যবহার করে দাতা সহজেই তার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট খাতে অনুদান দিতে পারবেন।
উদ্যোগটি নিয়ে আকরাবুন সেন্টারের নির্বাহী পরিচালক ফয়সাল রশিদ আল-ফুহাইদা বলেন, প্রযুক্তি ও অংশীদারিত্বের সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই প্রক্রিয়াটি মানুষের মধ্যে সংহতি ও সামাজিক দায়বদ্ধতার অনুভূতি আরও সুদৃঢ় করবে।
রফিকের সিইও আব্দুল্লাহ থামের আল-হুমাইদি এই উদ্যোগের বিষয়ে জানান, প্রযুক্তি কেবল সেবা প্রদানের মাধ্যম নয়, বরং সমাজের কল্যাণেও এর কার্যকর ব্যবহার থাকা উচিত। রফিক ব্যবহারকারীরা এখন খুব সহজেই এবং সসম্মানে স্বল্প আয়ের পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারছেন। কাতার চ্যারিটি ও রফিকের এই যৌথ প্রয়াস দেশের বেসরকারি খাত ও দাতব্য সংস্থার মধ্যকার অংশীদারিত্বের একটি সফল মডেল হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০