
রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এলপিজির দাম এবং ব্যবসায়ীদের কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের কমিশন বর্তমানের তুলনায় দুই থেকে আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব উত্থাপন করেছে। পাশাপাশি পরিবেশকেরা তাদের কমিশন তিন গুণ করার জোরালো দাবি জানিয়েছেন।
বিইআরসিতে জমা দেওয়া প্রস্তাব অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার আবেদন করেছে। এছাড়া পরিবেশকেরা তাদের কমিশন ৫০ টাকা থেকে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে ৭০ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছেন। বর্তমানে দেশে ৩০টি নিবন্ধিত এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে এবং অতিরিক্ত ১২টি প্রতিষ্ঠান নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাতকরণ প্রক্রিয়ায় যুক্ত আছে। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান নিয়মিত আমদানি করে।
উল্লেখ্য যে, গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল। সেই সময়ে প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা ৬ পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছিল। ওই ঘোষণায় সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব ধরনের সিলিন্ডারের দাম আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়।
তৎকালীন নির্ধারিত মূল্য তালিকায় সাড়ে ৫ কেজির দাম ৮৪২ টাকা, ১২ কেজির ১ হাজার ৮৩৭ টাকা ও সাড়ে ১২ কেজির ১ হাজার ৯১৩ টাকা ধরা হয়েছিল। এছাড়া ১৫ কেজির দাম ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজির ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজির দাম ৩ হাজার ৬১ টাকা নির্ধারিত ছিল। একইভাবে ২২ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০