
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর জন্য সরকারি তহবিল থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা জোগান দেওয়া হবে। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর অন্যতম হলো বাগেরহাটের রামপালে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাস্তবায়নাধীন এই প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিপিডিবির নিজস্ব ভূমি ব্যবহারের ফলে নতুন করে জমি অধিগ্রহণের খরচ সাশ্রয় হবে বলে পরিকল্পনা কমিশন জানিয়েছে। এটি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। পরিকল্পনা কমিশন প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চ পর্যন্ত সময়ে বাস্তবায়নের সুপারিশ করেছে। পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা বলেন, ‘প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে, যা ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।’। প্রস্তাবিত সৌরবিদ্যুৎ কেন্দ্রটি রামপালের ব্লক-বি এলাকায় বিপিডিবির ইতোমধ্যে অধিগ্রহণ করা ৯১৮ দশমিক ৫০ একর জমিতে নির্মাণ করা হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বিপিডিবি ২০১২ সালে রামপালে মোট ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করে। জমিটি ৯১৫ দশমিক ৫০ একর আয়তনের ব্লক-এ এবং ৯১৮ দশমিক ৫০ একর আয়তনের ব্লক-বিতে ভাগ করা হয়। ব্লক-এতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত এই প্রকল্পের অর্থায়নে বিপিডিবির নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে। ঋণ হিসেবে নেওয়া এই তহবিলের সুদের হার ২ শতাংশ এবং তা এক বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ১৬ বছরে পরিশোধ করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ রামপালের নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান সঞ্চালন অবকাঠামোর মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।
এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, রংপুর ও গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, এবং সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অন্যতম। সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা ও উদ্যোক্তা তৈরির প্রকল্পের পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা ও ফুটপাত নির্মাণের কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
পরিবহন ও অবকাঠামো খাতে নেওয়া প্রকল্পের মধ্যে রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্পটি। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণের প্রকল্পটির তৃতীয় সংশোধনী আনা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় পঞ্চগড়ের দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের সারসংক্ষেপে বলা হয়েছে, এতে তুলনামূলক দ্রুত ও কম ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে।
বৈদেশিক সম্পর্কের অংশ হিসেবে ফ্রান্সের প্যারিসে ক্রয়কৃত চ্যান্সারি ভবন আধুনিকায়ন ও সংস্কারের প্রকল্পটি অনুমোদন পেয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। এছাড়া পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ৫০ কোটি টাকার কম ব্যয়ের ‘জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল এবং খাড়োয়া খাল পুনঃখনন’ প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করা হয়।
একনেকের এই সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০