বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে। গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার ভূরাজনৈতিক উত্তাপ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত পেয়ে বিনিয়োগকারীরা তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছেন।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে, যা সম্ভাব্য চাহিদার চেয়ে ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে সংস্থাটি সরবরাহ ঘাটতির আশঙ্কা প্রকাশ করেছিল, তবে বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র বদলে গেছে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।
জ্বালানি সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড়ের মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এই আইনের আওতায় মার্কিন বন্দরগুলোর মধ্যে পণ্য পরিবহণে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, ছাড়ের কারণে এখন বিদেশি পতাকাবাহী জাহাজও তেল, পেট্রল ও ডিজেল পরিবহন করতে পারবে। এই পদক্ষেপ বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
তবে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও হরমুজ প্রণালিতে ঝুঁকি পুরোপুরি কাটেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া এই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি এবং ট্যাংকারের স্বল্পতা থাকায় পরিবহন ব্যয় এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ার বিষয়টি তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করলেও, ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।






