ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকায় অবরোধ কর্মসূচি শুরু হলে সফিপুর ও রতনপুরসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা তাতে যোগ দেন।
বিক্ষোভের জেরে মহাসড়কে স্থবিরতা তৈরি হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতির প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ সংশ্লিষ্ট এলাকায় শিল্প পুলিশের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন বলে জানা গেছে। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে প্রয়োজন অনুযায়ী বিজিবি মোতায়েন থাকবে।






