
দেশে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করার কারণেই মূলত দাম বাড়াতে হয়েছে। আজ রাত ৮টার পর থেকেই এই নতুন দর কার্যকর হবে।
বিইআরসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ এবং ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ ১২ কেজি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। এছাড়া ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা ধার্য করা হয়েছে। গত সেপ্টেম্বর মাস থেকে এলপিজির বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, যেখানে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আমদানিকারকদের সরবরাহ কমিয়ে দেওয়ার ফলে ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডারও কোথাও কোথাও ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
অক্টোবর মাসেও এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে সরকারি এই নির্ধারিত দাম বাজারে কখনোই কার্যকর হতে দেখা যায়নি; রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তা ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছিল। সাধারণ ভোক্তারা দীর্ঘ দিন ধরেই নির্ধারিত দামে পণ্য না পাওয়ার অভিযোগ করে আসছেন।
গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। বিইআরসি অটোগ্যাসের প্রতি লিটারের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে। এর আগে সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের প্রতি লিটারের দাম ছিল ৭৩ টাকা ৯ পয়সা। অটোগ্যাস বিক্রির সঙ্গে সংশ্লিষ্টদের কমিশনও এবার বাড়ানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০