
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল সানির সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসের প্রকাশিত সরকারি সূচিতে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকে সংবাদমাধ্যমের কোনো প্রতিনিধিকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন বলে জানা গেছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিরসনে কাতার দীর্ঘ সময় ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সংঘাতের শর্তাবলি নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। এই দূরত্ব কমিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কাতার দুই দেশের কাছেই বিভিন্ন খসড়া প্রস্তাব তুলে ধরছে। তবে এসব উদ্যোগ সত্ত্বেও আলোচনার টেবিলে তেমন বড় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলেই মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেওয়ার আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও জানান, বর্তমান পরিস্থিতিতে দ্রুত কোনো সমাধানের আশা করা কঠিন। তিনি স্পষ্ট করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক পথেই সংকট মেটাতে আগ্রহী। তবে ইরানের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে, তা যুক্তরাষ্ট্রের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। রুবিও তেহরানের উত্থাপিত শর্তগুলোকে 'আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত' হিসেবে উল্লেখ করেছেন। প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, ট্রাম্প কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন নানা বাধার মুখে, তখন এই বৈঠক হতে যাচ্ছে।
অন্যদিকে, পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। রবিবার তিনি জানিয়েছেন, যদি আলোচনায় অগ্রগতি আসে এবং কোনো শক্তিশালী চুক্তি স্বাক্ষরিত হয়, তবে ইরানে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা প্রায় নেই। তবে ইরানের পক্ষ থেকে কোনো আক্রমণ হলে বা সামরিক অভিযান আবার শুরু হলে যুক্তরাষ্ট্র পাল্টা হামলার প্রস্তুতি নিয়ে রেখেছে। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিভিন্ন স্থাপনা ও সেতু লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০