
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল।
রিটকারীর আইনজীবী জানান, নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় জালিয়াতির গুরুতর অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন এই রিট আবেদনটি করেছেন। হলফনামায় অসত্য তথ্য প্রদানের মাধ্যমে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।
আইনজীবী ইব্রাহিম খলিল আরও জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালত এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ার দিন ধার্য করবেন।
রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এই রিটের মাধ্যমে নির্বাচনী হলফনামার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০