
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে যে দাবি উঠেছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দৃঢ়ভাবে জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে রাতের আঁধারে দু-একটি ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা তৈরির চেষ্টা চললেও তাকে সামগ্রিক অস্থিতিশীলতা বলা যায় না। বিনিয়োগ ও শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বদ্ধপরিকর।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে ও বাইরে থেকে ইন্ধন জোগাচ্ছে। তাদের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ও পেশাদারিত্বের সাথে প্রতিটি ষড়যন্ত্র নস্যাৎ করছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিষয়ে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে বিজিবি, শিল্প পুলিশ ও সাধারণ পুলিশ একযোগে দায়িত্ব পালন করছে। শ্রমিক ও মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ইতিমধ্যে ওইসব শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে।
সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, পুলিশের নিজস্ব তথ্যের নিরপেক্ষ বিশ্লেষণ করলে দেখা যায়, আগের বছরের তুলনায় বর্তমানে অপরাধের হার অনেক কম। অথচ আংশিক তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
দেশজুড়ে অরাজকতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সীমান্তের ওপারে এবং দেশের ভেতরে সক্রিয় ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। উপযুক্ত সময়ে এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি জানান। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও নিরাপত্তা বাহিনী যে সম্পূর্ণ প্রস্তুত, তা পুনর্ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০