
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রত্যাখ্যান করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিল ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর থেকে কোনো সরকারই সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। শ্রমিকবান্ধব কোনো অর্থনৈতিক ব্যবস্থা বা শ্রমকাঠামো গড়ে না ওঠায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি শ্রমিকদের কাঙ্ক্ষিত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সরকার নির্বাচনে দলের দায়িত্বশীল নেতাদের প্রার্থী হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনকে তাদের বিজয়ী করতে জোরালো ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অটোরিকশাচালকদের ওপর নির্যাতন না করে বরং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুশৃঙ্খল যানবাহন চালনায় সুযোগ করে দেওয়া উচিত। শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দেশে চাঁদাবাজি বন্ধ ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও আশরাফ আলী আকন অনুষ্ঠানে অংশ নেন।
কাউন্সিল অধিবেশনে চরমোনাই পীর আগামী ২০২৭-২৮ বর্ষের জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন নেতৃত্ব ঘোষণা করেন। এতে মুহাম্মাদ খলিলুর রহমানকে কেন্দ্রীয় সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি এবং এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০