
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার আশঙ্কায় আগাম সতর্কতা জারির কিছু সময়ের মধ্যেই এই ঘটনা ঘটে বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। অবশ্য পরবর্তীতে নিরাপত্তা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বর্তমানে বিপদের কোনো আশঙ্কা নেই।
এর আগে শনিবার ইয়েমেনের রাজধানী সানার পার্শ্ববর্তী বানি হুশাইশ এলাকায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হুতিদের বার্তা সংস্থা সাবার ভাষ্যমতে, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের এই উত্তেজনা নতুন নয়।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সংঘাত চরম আকার ধারণ করেছে। এর পর থেকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে, যার ধারাবাহিকতায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে পুনরায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তারা। অন্যদিকে, ইয়েমেনে সরকারি বাহিনীর মিত্র হিসেবে রিয়াদ ক্রমাগত বিমান হামলা অব্যাহত রেখেছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০