
স্প্যানিশ লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাবেউতে সেভিয়াকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ‘অল হোয়াইট’দের এই বড় জয়ের পর দলের সামগ্রিক পারফরম্যান্স এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত নৈপুণ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ জোসে মরিনহো। ম্যাচজুড়ে নিজেদের আধিপত্য বজায় রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহামের চমৎকার ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন তিনি। কোনো ধরনের চাপ না নিয়ে ঠাণ্ডা মাথায় এক নজরকাড়া পানেককা শটে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান এই ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের কৌশলী আধিপত্য ও খেলোয়াড়দের খেলায় উচ্ছ্বাস জানান পর্তুগিজ কোচ মরিনহো। তিনি বলেন, রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল একটি অসাধারণ ম্যাচ। দলের ফুটবলাররা মাঠে সর্বোচ্চ মানের খেলা উপহার দিয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই ছিল এবং সুন্দর কিছু গোল এসেছে। বল দখলের লড়াইয়ে আধিপত্যের কথা উল্লেখ করে পর্তুগিজ এই কোচ আরও বলেন, ‘আমাদের বল পজেশন অনেক বেশি ছিল। দলের অনেক খেলোয়াড়ই আজ উচ্চমানের ফুটবল খেলেছে।
সেভিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বল দখলে এগিয়ে থাকার বিষটিকে যৌক্তিক বলে উল্লেখ করেন রিয়াল বস। একাদশে রোটেশন প্রসঙ্গে মরিনহো জানান, যৌক্তিক কারণেই তিনি সেরা একাদশে কয়েকটি পরিবর্তন এনেছিলেন। কার সুযোগ পাওয়া প্রাপ্য তা গাণিতিক হিসাবে মাপা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, স্কোয়াডের প্রত্যেকেরই খেলার সক্ষমতা রয়েছে এবং সবাইকে প্রস্তুত থাকতে হবে। ম্যাচে প্রচুর সুযোগ তৈরির পাশাপাশি উইঙ্গারদের ব্যবহার করে একটি চমৎকার জয় আদায় করে নিয়েছে দল। তিনি বলেন, ‘লজিক ঠিক রেখেই আমি একাদশে কিছু পরিবর্তন এনেছি। আজ আমরা অনেক সুযোগ তৈরি করেছি, উইঙ্গারদের কাছে বল পৌঁছে দিতে পেরেছি এবং দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি।’।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০