সিঙ্গাপুরে এখন থেকে বাসের সিটে পা তোলা, উচ্চস্বরে গান বা অডিও বাজানো, কিংবা বাসের ভেতরে খাবার গ্রহণের মতো বিভিন্ন অনিয়মের জন্য যাত্রীদের ৫০০ সিঙ্গাপুর ডলার বা প্রায় ৩৯১ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। বুধবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাস টার্মিনাল বা বাসের ভেতর অন্য যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অথবা গণপরিবহন ব্যবস্থা নোংরা করার মতো গুরুতর অপরাধের দায়ে পাঁচ হাজার ডলার পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। সোমবার প্রকাশিত নতুন এই নীতিমালাগুলো দেশটির রেলওয়ে বা মাস র্যাপিড ট্রানজিট নেটওয়ার্কে ইতিমধ্যে চালু থাকা নিয়মের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।
এর আগে বাসের ক্ষেত্রে এই নিয়মগুলো সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির অভ্যন্তরীণ নীতি হিসেবে গণ্য হতো এবং চালকরাই তা দেখভাল করতেন। তবে এখন থেকে এসব বিরক্তিকর কর্মকাণ্ডকে সরাসরি আইনি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং এর ফলে তাৎক্ষণিক জরিমানা কার্যকর হবে।
ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বা এলটিএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই উদ্যোগগুলো সবার জন্য গণপরিবহন যাতায়াত আরও নিরাপদ, সহনশীল ও স্বস্তিদায়ক করে তুলবে। নিয়ম তদারকিতে টিকিট পরিদর্শক ও বাস টার্মিনাল কর্মীরা সন্দেহভাজনদের নোটিশ দিতে পারবেন। তবে বাসচালকদের এই দায়িত্ব দেওয়া হয়নি যাতে তারা নিরাপদে গাড়ি চালানোর দিকে মনোযোগ দিতে পারেন। চালকরা কেবল বিশৃঙ্খলা থামানোর অনুরোধ করতে পারবেন এবং নির্দেশ অমান্যকারীদের বাস থেকে নামিয়ে দেওয়া বা গুরুতর ক্ষেত্রে পুলিশের মুখোমুখি করা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০