
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সংসদ ভবন এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি কর্মকর্তাদের এ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পুরো প্রাঙ্গণের বাগান, মাঠ ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এই সময়ে তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক অবস্থা, অবকাঠামোগত স্থায়িত্ব এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন।
সহকারী প্রেস সচিব জানান, জাতীয় সংসদ প্লাজার স্বতন্ত্র সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখার জন্য নিয়মিত পরিচর্যার প্রতি বিশেষ তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রাঙ্গণের বিদ্যমান গাছপালার যথাযথ যত্ন নেওয়া এবং বাগানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করার কথা বলেন তিনি।
এছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের যেসব স্থানে মেরামত বা সংস্কার প্রয়োজন, তা দ্রুত চিহ্নিত করে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের নিজস্ব স্থাপত্যশৈলী ও নান্দনিক রূপ অক্ষুণ্ন রাখতে নিয়মিত তদারকি ও সার্বিক রক্ষণাবেক্ষণ জোরদার করার তাগিদ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০