
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সাজাপ্রাপ্ত একজন অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারত সরকারের কাছে তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় এরই মধ্যে অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের ঘাটতি রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।
শেখ হাসিনার বর্তমান পরিচয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধীই তাঁর পরিচয়।’ ভারত সরকার তাঁকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেখলেও বাংলাদেশের অবস্থান ভিন্ন। তিনি বলেন, ভারত তাঁকে কীভাবে দেখছে সেটি তাদের নিজস্ব বিষয়, কিন্তু বাংলাদেশের কাছে তিনি আইনত দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং এ ক্ষেত্রে আবেগের চেয়ে আইনগত পদক্ষেপকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী জানান, এই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। এই ঘটনায় বিচারপ্রক্রিয়া যথাযথভাবে স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে। এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সরকারের বিশেষ উদ্যোগ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
অনুষ্ঠানে অধস্তন আদালতের বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, যেখানে প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আগামী ১৯ মে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ন্যায়বিচার প্রত্যাশা করে। সাক্ষ্য-প্রমাণে যদি গণহত্যা প্রমাণিত হয়, তবে তার বিচার হওয়া অনিবার্য।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০