
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় তিনি সেখানকার স্বাস্থ্যসেবার মান ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের এক পর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন তিনি। সে সময় ওই চিকিৎসককে নিজ কক্ষে বসে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া কক্ষটির অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও তিনি ক্ষোভ জানান। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুদের চিকিৎসা প্রদানের মতো একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্বাস্থ্যসেবা কেন্দ্রে একজন চিকিৎসকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ মেনে নেওয়া যায় না। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পরপরই সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর প্রধানমন্ত্রী হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং হাসপাতালের প্রতিটি অংশে পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি চিকিৎসকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্বের প্রতি অধিকতর যত্নশীল ও সচেতন হওয়ার কঠোর নির্দেশনা প্রদান করেছেন।
হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জনমনে অসন্তোষের সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেবার মানোন্নয়ন ও রোগীর স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার বার্তা পুনর্ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০