
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাগল চুরির মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের একটি দল। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব নওদাবাস ইউনিয়নে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়। হামলায় আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পূর্ব নওদাবাস এলাকার বাসিন্দা জাকিরুল আলম লাইজু ছাগল চুরির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি ফিরোজকে গ্রেপ্তারের লক্ষ্যে শুক্রবার দুপুরে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন চন্দ্রের নেতৃত্বে সাদা পোশাকের একটি দল এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত থাকার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করে। আটক সুজন ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০