
রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার ডিএমপি সদর দপ্তরের এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহরিয়ার আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীরকে থানা থেকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার মধ্যরাতে। দুর্বৃত্তদের একটি দল মিরপুরের এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে অতর্কিত হামলা চালায়। ১৯৭৪ সাল থেকে প্রতিষ্ঠানটি নিম্ন আয়ের মানুষের মাতৃ-শিশুসেবা, টিকাদান এবং পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। ভুক্তভোগী প্রতিষ্ঠানের অভিযোগ, প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল এক্সক্যাভেটর ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবন গুড়িয়ে দেয়। হামলাকারীরা প্রতিষ্ঠানের দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ ও নগদ অর্থ লুটপাট করে। ভাঙচুর শেষে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে দুটি সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে চালানো এ হামলায় এক্সক্যাভেটর দিয়ে একটি পাকা, তিনটি আধা পাকা ভবনসহ স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি উল্লেখ করা হয়েছে। ঘটনার পর শুক্রবার রাতে চারজন এবং শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ গতকাল স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। তিনি স্পষ্ট করে জানান, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটেছিল। পুলিশ খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল কি না, কিংবা এ ক্ষেত্রে কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনা রক্ষা করতে পারেনি।
কমিটিকে শনিবারের মধ্যেই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কমিশনারের ভাষ্য অনুযায়ী, তদন্তে কোনো পুলিশ সদস্যের দায়িত্বহীনতার প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর একদিন পরই ওসি জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হলো। এদিকে ডিএনসিসি প্রশাসকও স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সরকার এ ধরনের ঘটনা সমর্থন করে না বলে মন্তব্য করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০