
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে সংঘটিত নজিরবিহীন হামলা, লুটপাট এবং স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এটি কেবল একটি চিকিৎসাকেন্দ্রে হামলা নয়, বরং রাষ্ট্রের আইন, প্রশাসনের সক্ষমতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
নেতৃবৃন্দ বলেন, মিরপুরের মতো ব্যস্ততম এলাকায় রাতের আঁধারে প্রায় দুই শতাধিক মানুষের অংশগ্রহণে চালানো এ ধরনের ধ্বংসযজ্ঞ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চুপ থাকা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দীর্ঘদিন ধরে এলাকার সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান ও মাতৃসেবার মতো গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের গুরুত্বপূর্ণ নথিপত্র, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নগদ অর্থ লুট করেছে। এছাড়া ভারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে পুরো স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জমি বা লিজ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য প্রচলিত আইন ও আদালত থাকলেও কেন আইন নিজের হাতে তুলে নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবি পার্টির নেতারা। বিবৃতিতে স্পষ্ট বলা হয়, মালিকানা বা লিজের দাবি থাকলে তার মীমাংসার জন্য প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে। কিন্তু সে পথ পরিহার করে দলবল নিয়ে চিকিৎসাকেন্দ্র ভাঙচুর কিংবা দখলের কোনো বৈধতা নেই। রাতের অন্ধকারে এ ধরনের সহিংসতা বরদাশতযোগ্য নয় বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন।
এবি পার্টির বিবৃতিতে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বা নেতার সম্পৃক্ততার যেসব অভিযোগ গণমাধ্যমে এসেছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। তাদের ভাষ্যমতে, অপরাধীর রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব যাই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যদি এই অভিযোগ মিথ্যা হয়, তবে সেটিও নিরপেক্ষ তদন্তে স্বচ্ছতার সাথে প্রমাণ করার দাবি জানিয়েছে দলটি। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, তাঁকে আইনের আওতায় আনতে হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০