
সামুদ্রিক মাছ আহরণের পাশাপাশি দেশের মিঠা পানির মাছ বিদেশে রপ্তানির ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রযাত্রায় মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং প্রাকৃতিক মৎস্য সম্পদের উন্নয়নের লক্ষ্যে সরকার নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং পানি দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। 'রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য সামনে রেখে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে নদী-খাল খননের কোনো বিকল্প নেই। সরকার দেশব্যাপী খাল খননের কার্যক্রম শুরু করেছে, যার লক্ষ্য হলো নদীসমূহকে দূষণমুক্ত করে মাছের প্রজনন ও উৎপাদন পরিবেশ নিশ্চিত করা। তিনি মিঠা পানির মৎস্য রপ্তানি বাড়ানোর দিকে সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে মৎস্য খাতের উন্নয়ন ও সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ওয়াহিদা হক এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক রোকেয়া আক্তার।
সবশেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলরসহ অন্যান্য অতিথিবৃন্দ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর অতিথিরা ক্যাম্পাসে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতে নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এই কর্মসূচি থেকে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০