
দীর্ঘদিন বন্ধ থাকার পর সফল কূটনৈতিক আলোচনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সরকার মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করেছে। এর মধ্যে রয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল (BOESL), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি।
এই শ্রমবাজার খোলার প্রক্রিয়ায় একটি বিশেষ ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা জিরো কস্টে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইচ্ছুক কর্মীরা এখন তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এছাড়া মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সরকার নির্ধারিত বা অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে এককেন্দ্রিক আধিপত্য বিস্তারের সুযোগ দেওয়া হচ্ছে না, যাতে কর্মীরা কোনো হয়রানি ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় দেশটিতে যেতে পারেন। এ ছাড়া বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা মূল্যে (জিরো কস্ট) মালয়েশিয়ায় প্রেরণের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই, কর্মীরা যেন সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পান।
এই গুরুত্বপূর্ণ অর্জনে দিকনির্দেশনা ও নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের ইতিবাচক মনোভাব ও সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শ্রমবাজারকে একটি টেকসই এবং সুশৃঙ্খল গন্তব্য হিসেবে গড়ে তুলতে এখন সরকার, রিক্রুটিং এজেন্সি এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সরকারের লক্ষ্য হলো একটি দীর্ঘমেয়াদী ও দুর্নীতিমুক্ত শ্রমবাজার নিশ্চিত করা, যা উভয় দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন সবার দায়িত্ব সরকার, রিক্রুটিং এজেন্সি এবং কর্মী—একসঙ্গে এই সুযোগকে সফল করা এবং মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০