
মাদারীপুরের ডাসার উপজেলায় পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তার স্বামী অরুণ সমাদ্দারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধামুসা গ্রামের জিতেন সমাদ্দারের ছেলে অরুণ সমাদ্দার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
নিহতের পরিবারের অভিযোগ, একই গ্রামের সারথী দে নামের এক গৃহবধূর সঙ্গে অরুণ সমাদ্দারের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে পুতুল সমাদ্দারের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও এই সমস্যার কোনো স্থায়ী সমাধান মেলেনি।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রান্নাঘরে পুতুল সমাদ্দারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এরপর অভিযুক্ত অরুণ সমাদ্দার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে ডাসার থানায় অরুণ সমাদ্দারসহ তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০