
ভারতের মণিপুর রাজ্যে ফের নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে। নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যকার এই সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে কামজং জেলার চাসাদ থানা এলাকার ৪০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪টি ঘরবাড়ি, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সহিংসতার এই সূত্রপাত ঘটে গত শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে। পুলিশের ভাষ্যমতে, এলাকায় বেআইনি বাংকার নির্মাণের গোপন সংবাদের ভিত্তিতে তা ধ্বংস করতে অভিযান চালায় মণিপুর পুলিশ, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন এবং সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। ওই অভিযানের সময় স্থানীয় কয়েকজন নারী বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ডমখোনেই টৌথাং (৪২) নামে এক কুকি নারী নিহত হন। এর পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চাসাদ গ্রামে এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সরকারি তথ্য অনুযায়ী, সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং চলন্ত গাড়িতে থাকা সাধারণ যাত্রীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এছাড়া দুষ্কৃতকারীরা চাসাদ থানায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে 'কমিটি অন ট্রাইবাল ইউনিটি' নামের একটি কুকি সংগঠন কাংপোকপি জেলায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। একের পর এক হামলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
এদিকে রাজ্যে শান্তি ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে দিল্লির শীর্ষ পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংহ দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সহিংসতা নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন মুখ্যমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী মোদি মণিপুরে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে রাজ্যের সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০