
সিরিয়া ও উজবেকিস্তানের কাছে হারের পর ভারতের বিপক্ষেও একই পরিণতি বরণ করতে হলো বাংলাদেশকে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচে তিন হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আসর শেষ করল দলটি।
কয়েক মাস আগে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এই ভারতকেই হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে উজবেকিস্তানে পা রাখলেও এএফসি বাছাইয়ে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। প্রথমার্ধে এক গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল খেয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে দলটি। পুরো ম্যাচে ভারত আধিপত্য বিস্তার করে খেলেছে এবং একাধিক গোলের সুযোগ তৈরি করেছে।
টুর্নামেন্ট চলাকালীন কোচ পরিবর্তনেও দলের ভাগ্য বদলায়নি। সিরিয়ার কাছে হারের পর ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বাফুফে। ভারতের বিপক্ষে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর অধীনে মাঠে নামে বাংলাদেশ, কিন্তু ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। জেরার্ড জোন্স ও মিশুর দ্বন্দ্ব, এমনকি হাতাহাতি পর্যন্ত গড়ানো পরিস্থিতি ঘিরে কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় ছিল অনূর্ধ্ব-২০ দল। মাঠের বাইরের এই অস্থিরতা শেষ পর্যন্ত দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০