
বিদেশের মাটিতে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও হেনস্তার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
আখতার হোসেন জানান, সম্প্রতি বিদেশে গিয়ে একজন পরিচিত অভিনেত্রী পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুধু ওই অভিনেত্রী নন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষও বিদেশে গিয়ে একই ধরনের হুমকি ও হয়রানির সম্মুখীন হচ্ছেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জাতিসংঘের একটি কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে তিনিও এমন হামলার শিকার হয়েছিলেন। বিদেশের মাটিতে এসব অপরাধ করেও হামলাকারীরা প্রায়ই পার পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা এবং এ বিষয়ে সরকার কতটা দৃঢ় পদক্ষেপ নেবে, তা জানতে চেয়েছেন এনসিপির এই সদস্যসচিব।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০