
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের জমি থেকে জলপাই লুট করার অনুমতি দিয়ে এক বিতর্কিত ধর্মীয় নির্দেশ জারি করেছেন প্রভাবশালী ইসরাইলি রাবি ডভ লিওর। ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩-এ প্রচারিত এই ফতোয়ায় তিনি দাবি করেন, জলপাই সংগ্রহের মাধ্যমে ওই ভূখণ্ডের ওপর ইহুদিদের মালিকানার বিষয়টিই প্রমাণিত হয়। বসতি স্থাপনকারীদের কাছে অন্যতম প্রধান ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিত এই রাবির মতে, ফিলিস্তিনিরা তাদের চাষ করা জমির বৈধ মালিক নন।
ইহুদি ধর্মীয় আইনের নিজস্ব ব্যাখ্যা টেনে লিওর যুক্তি দেন, ফিলিস্তিনিরা কোনো ইহুদি বা ইসরাইলি নাগরিকের কাছ থেকে এসব জমি কেনেননি, তাই এগুলোকে ‘চুরি করা সম্পত্তি’ হিসেবে দেখতে হবে। তার দাবি, চুরির মাধ্যমে কখনও ভূমির প্রকৃত মালিকানা হস্তান্তর হয় না। ফলে ফিলিস্তিনিরা নিজেদের উদ্যোগে জলপাইগাছ রোপণ করলেও তা জমি বা উৎপাদিত ফসলের ওপর তাদের কোনো অধিকার প্রতিষ্ঠা করে না। সুতরাং, ফিলিস্তিনিদের জমি আসলে ‘ইসরায়েলি জনগণ’-এরই সম্পত্তি।
নিজের বক্তব্যের সপক্ষে এই ইহুদি ধর্মগুরু আরও বলেন, বহু বছর ধরে উৎপাদিত ফল ভোগ করে ফিলিস্তিনিরা গাছ লাগানোর প্রয়োজনীয় ক্ষতিপূরণ পেয়ে গেছেন। তাই জমি ও ফসল দুটোই এর কথিত ‘প্রকৃত মালিকদের’ কাছে ফিরিয়ে দেওয়া উচিত। কেবল অবৈধ ইসরাইলি বসতি সংলগ্ন এলাকাতেই নয়, দূরবর্তী ফিলিস্তিনি অঞ্চলের জলপাই তুলে নেওয়ারও অনুমতি দিয়েছেন তিনি। তার এই ফতোয়া শুধু অবৈধ ইসরাইলি বসতির আশপাশের জমিতে সীমাবদ্ধ নয়।
প্রতি বছর অক্টোবরের এই সময়টিতে পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুম শুরু হলে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা বহু গুণ বেড়ে যায়। সম্প্রতি কৃষকদের ওপর শারীরিক নির্যাতন, জমিতে যেতে বাধা সৃষ্টি, গাছ কেটে ফেলা ও ফসল ছিনিয়ে নেওয়ার মতো একাধিক সহিংস ঘটনা ঘটেছে। চলমান এই আক্রমণের পরিস্থিতির মধ্যেই রাবি লিওরের এমন উসকানিমূলক নির্দেশনা সামনে এলো।
দেশি-বিদেশি ও মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ফিলিস্তিনিদের ঘরবাড়ি, যানবাহন ও কৃষিজমিতে চালানো এসব হামলা রোধে ইসরাইলি কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এমনকি অপরাধীদের আইনের আওতায় আনতেও তাদের ধারাবাহিক ব্যর্থতা স্পষ্ট। আন্তর্জাতিক আইনে অধিকৃত ভূমিতে ইসরাইলি বসতি নির্মাণকে সম্পূর্ণ অবৈধ বলা হলেও ফিলিস্তিনিরা নিজেদের ভূমির অধিকার ধরে রাখতে বদ্ধপরিকর এবং সব ধরনের দখলদারিত্ব প্রত্যাখ্যান করে আসছেন। একই সঙ্গে হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রেও কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ রয়েছে। চলতি মাসেও ফিলিস্তিনিদের পাশাপাশি তাদের ঘরবাড়ি, কৃষিজমি ও অন্যান্য সম্পত্তিতে হামলার ঘটনা বেড়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে তোলা ইসরাইলি বসতিগুলো অবৈধ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০