
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলার সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। টলিউডের অনেক নামী তারকার সঙ্গে কাজ করার পর এবারই প্রথমবারের মতো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন তিনি। অর্জুন দত্তের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটির নাম রাখা হয়েছে 'আরএসভিপি মার্ডার'
সিনেমার গল্পটি আবর্তিত হবে পাহাড়ের পটভূমিতে। একটি জমকালো অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্তগুলো হঠাৎ করেই রহস্যময় হয়ে ওঠে, যা উৎসবে আগতদের জীবনে নিয়ে আসে অস্বস্তিকর পরিস্থিতির বার্তা। পাহাড়ের শান্ত পরিবেশের আড়ালে চাপা পড়া দাম্পত্য জীবনের টানাপোড়েন, বন্ধুত্বের আড়ালের বিশ্বাসঘাতকতা এবং গোপন ক্ষোভের অন্ধকার দিকগুলোই মূল উপজীব্য হয়ে উঠবে। প্রতিটি চরিত্রের অন্তনিহিত মানসিক দ্বন্দ্ব এবং গোপন সত্যগুলো উন্মোচনের মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনি।
প্রকল্পটি নিয়ে উচ্ছ্বসিত জয়া আহসান বলেন, পরিচালক অর্জুন দত্ত আমার খুব পছন্দের একজন নির্মাতা। এই মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটির অংশ হতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যা আমাকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করছে। এদিকে, এই সিনেমার ভিন্নধর্মী চরিত্র পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী চ্যাটার্জিও। তিনি জানান, এমন চরিত্রে এর আগে কখনো কাজ করা হয়নি। অর্জুনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শক তাকে নতুন রূপে দেখতে পাবেন বলে প্রত্যাশা করছেন।
জয়া ও শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা ব্যানার্জি, বিবৃতি চ্যাটার্জি, অনুরাধা ব্যানার্জি, লোকনাথ দে এবং গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে। সংশ্লিষ্টদের তথ্যমতে, চলতি মাসের শেষ দিকেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০