
মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’ নামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। পাবনার ঈশ্বরদী পৌর শহরে সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ দৃশ্য দেখা যায়। এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে জোবায়ের হোসেন বাপ্পীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে শহরে বের হন বাপ্পী। এ সময় তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথাসহ কয়েকজন সহযোগী উপস্থিত ছিলেন। বাপ্পীর দাবি, ঈশ্বরদীর কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছে। এই হুমকিদাতা এবং মাদক ও সুদের কারবারিদের ওপেন চ্যালেঞ্জ দিতেই তিনি অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছেন। তিনি নিজেই থানায় গিয়ে দাবি করেন, “আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এ কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি, থানায় এসেছি।”
সোমবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী শহর ও থানার প্রধান ফটক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বাপ্পীর থানায় অবস্থানের খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াত-শিবিরের সমর্থকরা থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মেহেদী হাসান অভিযোগ করে বলেন, “জুবায়ের বাপ্পী প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। তাকে গ্রেপ্তার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাপ্পীর আগ্নেয়াস্ত্র জব্দ করে তাকে হেফাজতে নেয়। পরে মধ্যরাতে বাপ্পীসহ তার সাথে থাকা ৫ জনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে সোর্পদ করা হয়। ডিবি পুলিশ পরবর্তী সময়ে তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, “মেহেদী হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাপ্পী অস্ত্রের লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০