
নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগ্রহ করা ভালো ডিমের সঙ্গে পচা ও ভাঙা ডিম মিশিয়ে কেক তৈরি করছিল, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া ‘হানিকম্ব’ নামক খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছিল নোংরা ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা। অস্বাস্থ্যকর এসব উপাদান ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা ধ্বংস করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০