
টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছে ইডটকো বাংলাদেশ এবং ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। সম্প্রতি দুই প্রতিষ্ঠান একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ইডটকোর টেলিযোগাযোগ অবকাঠামোগুলোতে গ্রিড-সংযুক্ত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্ভাবনা যৌথভাবে যাচাই ও মূল্যায়ন করা হবে। গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো ইডটকোর টেলিকম টাওয়ার পরিচালনার ক্ষেত্রে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জন এবং ডিজিটাল অবকাঠামোর দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা নিশ্চিত করতে চায়। চুক্তির আওতায় সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে ইডটকোর টাওয়ারে সরবরাহের উপায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্ব বণ্টন করা হয়েছে সুনির্দিষ্টভাবে। ফ্লোসোলার সলিউশনস লিমিটেড বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের স্থান নির্বাচন, গ্রিড সংযোগ এবং প্রকল্পের যাবতীয় উন্নয়নমূলক কাজ পরিচালনা করবে। অন্যদিকে, ইডটকো তাদের অবকাঠামোতে বিদ্যুতের চাহিদার মূল্যায়ন ও সঠিক স্থান নির্বাচনে সহায়তা প্রদান করবে।
এ বিষয়ে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, ডিজিটাল অবকাঠামোর প্রসারের সাথে সাথে সেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বড় পরিসরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের এই উদ্যোগ কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করবে এবং টাওয়ার পরিচালনা কার্যক্রমের স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।
ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান বলেন, টেলিকম নেটওয়ার্ক দিন-রাত ২৪ ঘণ্টা সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকা জরুরি। এই যৌথ উদ্যোগ টেলিকম নেটওয়ার্কে দীর্ঘমেয়াদি ও টেকসই বিদ্যুৎ সরবরাহ কাঠামো তৈরির পথ প্রশস্ত করবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০