জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক কাজী মারুফ আবারও বড়পর্দায় ফিরছেন। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও, তিনি এবার ‘শিরোনাম’ নামের একটি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি। পোস্টারে বিভিন্ন সংবাদপত্রের শিরোনামের আদলে রাজনৈতিক সংকট, সীমান্তে উত্তেজনা এবং দেশজুড়ে বিক্ষোভের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যা সিনেমাটির বিষয়বস্তুর ইঙ্গিত দেয়।
সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে যুক্তরাষ্ট্র থেকে কাজী মারুফ বলেন, সাম্প্রতিক বাস্তব ঘটনার ছায়া থাকলেও এটি পুরোপুরি সত্য ঘটনা নয়। তার মতে, সিনেমা কল্পনা ও বাস্তবতার এক মিশেল। তিনি আশা করছেন, দর্শকদের এই কাজ ভালো লাগবে। সিনেমার শুটিং হবে বাংলাদেশেই এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মারুফ নিজেই। তবে তার বিপরীতে কোন নায়িকা থাকবেন বা অন্যান্য কলাকুশলী কারা হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
কাজী মারুফ জানান, প্রকল্পের কাজ এগিয়ে নিতে তিনি চলতি মাসেই দেশে ফিরবেন। আগামী ১৫ অক্টোবর ঢাকায় ফেরার পর তিনি অভিনয়ের জন্য অন্যান্য শিল্পী ও টেকনিক্যাল টিমের সদস্যদের নির্বাচন করবেন। এরপরই শুরু হবে ছবির চিত্রগ্রহণের কাজ।
উল্লেখ্য, এর আগে মারুফ ‘গ্রীন কার্ড’ নামে একটি সিনেমা নির্মাণ ও তাতে অভিনয় করেছিলেন, যা ২০২৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে নির্মিত সিনেমাটি অবশ্য প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে ব্যর্থ হয়েছিল। সেই ঈদে মুক্তি পাওয়া ১১টি সিনেমার মধ্যে ‘গ্রীন কার্ড’ মাত্র দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার সুযোগ পেয়েছিল। অতীতের সেই অভিজ্ঞতা কাটিয়ে ‘শিরোনাম’ নিয়ে এবার নতুন প্রত্যাশা নিয়ে ফিরছেন এই অভিনেতা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০