
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দীর্ঘ দুই মাসের অচলাবস্থা কাটিয়ে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে বৃহস্পতিবার ভোর থেকে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। ১৩০৯ নম্বর ফেইজের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে খনির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। পুরোনো ওই ফেইজ থেকে সর্বমোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের রেকর্ড রয়েছে।
খনি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ এই বিরতি চলাকালীন পুরোনো ফেইজ থেকে নতুন ফেইজে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি স্থানান্তর এবং আনুষঙ্গিক কারিগরি কাজ সম্পন্ন করা হয়। প্রস্তুতির সব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরবর্তীতে শুক্রবার সকাল থেকে সেখানে পুরোদমে উৎপাদনের গতি বাড়ানো হয়েছে। কয়লা উত্তোলন শুরু হওয়ার ফলে খনি এলাকায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন এই ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নতুন ফেইজে কাজ শুরু হওয়ায় বড়পুকুরিয়া কয়লাখনির সামগ্রিক উৎপাদন কার্যক্রমে বড় ধরনের গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে খনির ইয়ার্ডে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবশেষ হিসাব অনুযায়ী, খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা সংরক্ষিত আছে। নতুন ফেইজ থেকে নিরবচ্ছিন্নভাবে কয়লা উত্তোলন অব্যাহত থাকলে খনি সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পে জ্বালানি সরবরাহে কোনো সংকট তৈরি হবে না বলে মনে করছেন খনি কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০