
দিল্লিতে নিজের বাড়ির চারপাশে সাদা পোশাকের পুলিশ ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। শুক্রবার সিজেপির আয়োজিত ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ঠিক আগমুহূর্তে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, সাদা রঙের একটি স্করপিও গাড়ি ব্যবহার করে সব সময় তার ওপর নজরদারি চালানো হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ঝাণ্ডেওয়ালাতে এক সংবাদ সম্মেলনে দীপকে বলেছিলেন, যেকোনো সময় দিল্লি পুলিশ তাকে তুলে নিয়ে যেতে পারে। তবে জাতীয় পতাকা প্রদর্শনের দায়ে যদি তাকে কারাগারে যেতে হয়, তবে তিনি সে জন্য প্রস্তুত রয়েছেন। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘আমরা আপনাকে ভয় পাই না। আমি এখানেই আছি, চাইলে এসে আমাকে তুলে নিয়ে যেতে পারেন।’
সিজেপির আইনি প্রধান রত্না সিংহ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, শান্তিপূর্ণভাবে জাতীয় পতাকা প্রদর্শনের ওপর কেন পুলিশের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এছাড়া নির্বাচনী দায়বদ্ধতার দাবি তোলা নাগরিকদের ওপর কেন রাষ্ট্রীয় নজরদারি ও আটকের মতো ঘটনা ঘটছে, সেই বিষয়েও তিনি ব্যাখ্যা চেয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তেরঙা পতাকা ওড়ানোর মতো জাতীয় কর্মসূচির ওপর পুলিশের এমন কঠোর অবস্থান নিয়ে তারা উদ্বিগ্ন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০