
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলনাহার বেগম (৫৫) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি দিনাজপুর সদর উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা জার্জিস হোসেনের স্ত্রী। উল্লেখ্য, জার্জিস হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মপরিষদ সদস্য। গত ২৭ সেপ্টেম্বর হৃদ্যন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে গুলনাহার বেগম হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। পরদিন ২৮ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে তার মেয়ে জাকিয়া সুলতানা টয়লেটে যান। তিনি ফিরে এসে দেখেন তার মা বিছানায় নেই। এরপর থেকে স্বজনরা তাকে আর খুঁজে পাচ্ছেন না। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামায়াত নেতার স্ত্রী গুলনাহার বেগম (৫৫)। নিখোঁজ গুলনাহার বেগমের স্বামী জর্জিস হোসেন জানান, এখনো তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।
রোগী নিখোঁজের ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে স্বজনরা শহরজুড়ে মাইকিং করেও কোনো সন্ধান পাননি। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুন নবী জানিয়েছেন, জিডির প্রেক্ষিতে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে এবং তাকে উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিখোঁজ রোগীর সন্ধানে হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানান পুলহাট ফাঁড়ির উপ-পরিদর্শক রুহুল আমিন। তিনি আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেছে। পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির জানান, রোগী নিখোঁজের পরপরই হাসপাতালের অভ্যন্তরের সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালানো হয়েছে। হাসপাতালের আওতাধীন এলাকা এবং আশপাশের স্থানগুলোতে খোঁজাখুঁজির জন্য এরই মধ্যে চিঠি ইস্যু করা হয়েছে।
এদিকে, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভাবে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি বর্তমানে স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই নারীর কোনো হদিস মেলেনি বলে তার স্বামী জার্জিস হোসেন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০