
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ জন সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৯টার দিকে থানা চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে বলে স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এর আগে বুধবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করা হয়েছিল। আটকের পর তাদের থানার একটি নির্দিষ্ট কক্ষে রাখা হয়। স্থানীয় সূত্রের দাবি, রাতে ওই কক্ষের ভেতর থেকে কয়েকজন কিশোর হঠাৎ দরজায় ধাক্কা দিয়ে তা ভেঙে বেরিয়ে আসে এবং সে সময় ভেতরে থাকা চেয়ার ভাঙচুর করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেখানে থানার একটি কক্ষের দরজার ক্ষতিগ্রস্ত অংশ এবং মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা প্লাস্টিকের চেয়ার দেখা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম পলাশ। তিনি জানান, থানায় ভাঙচুর কিংবা আসামি পালানোর কোনো ঘটনা ঘটেনি। একটি প্লাস্টিকের চেয়ার উল্টে যাওয়ার ঘটনাটিই অনেকে ভুলভাবে প্রচার করছেন বলে তার দাবি।
ওসি আরও জানান, অভিযানে মোট ২৮ জনকে আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর যাচাই-বাছাই সাপেক্ষে তাদের প্রত্যেককে নিজ নিজ অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পালানোর কোনো ঘটনা ঘটেনি বলে তিনি পুনরায় নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০