
নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর মদনগঞ্জগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে এবং তিনি স্নাতক (অনার্স) শ্রেণিতে পড়াশোনা করছিলেন।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি মদনগঞ্জগামী লেনে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে এবং চালক নিঝুম ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর বন্ধু ফারহান গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, নিঝুমের মাথা, গলা, হাত ও পায়ে মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁর দেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্যদিকে আহত ফারহানকে চিকিৎসার জন্য দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি নিঝুম উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে তাঁর জাপান যাওয়ার কথা নিশ্চিত হয়েছিল এবং সে লক্ষ্যে তিনি জাপানি ভাষাও শিখেছিলেন। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হঠাৎ এই অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০