
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নিজেদের নির্ধারিত মিশন সম্পন্ন করে দেশে ফেরার পথে বড় ধরনের বিপাকে পড়েছিলেন বাংলাদেশ টেবিল টেনিস দলের সদস্যরা। থাইল্যান্ডের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক বন্যার কারণে ফ্লাইট জটিলতায় তারা দীর্ঘ তিনদিন আটকে ছিলেন। অবশেষে গতকাল সন্ধ্যায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা নিরাপদে ঢাকায় অবতরণ করেছেন। একই বিমানবন্দরে একদিন আটকে থাকার পর তাদের সঙ্গে পুরুষ কাবাডি দলের সদস্যরাও দেশে ফিরে এসেছেন।
দেশে ফেরা টেবিল টেনিস দলের সদস্যদের মধ্যে রয়েছেন রামহিম লিয়ান বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুষি। তাদের সঙ্গে ছিলেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু। দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়ের ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় তারা অবশ্য আগেই দেশে ফিরতে পেরেছিলেন।
বিমানবন্দরের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে দলের সদস্য রামহিম লিয়ান বম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন পরিস্থিতি উদ্ভূত হয়েছে, যেখানে কারো ওপর দায় চাপানোর সুযোগ নেই। তবে দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করেও এয়ারলাইন কর্তৃপক্ষের কাছ থেকে আবাসনের কোনো ব্যবস্থা না পাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। গত শুক্রবার ব্যাংককে আকস্মিক বন্যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, যার প্রভাব পড়েছিল বিমান চলাচলেও। অন্যান্য এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখলেও থাই এয়ারওয়েজের ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ দলের ফেরার পথ দীর্ঘ হয়। এদিকে দলের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে সাইদুল হক সাদী জানান, সবাই সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০