![]()
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচে ব্যাট হাতে অনন্য উচ্চতায় পৌঁছেছেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের এক বিশাল ইনিংস খেলে দেশের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটার। বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই প্রথম ট্রিপল সেঞ্চুরি। পচেফস্ট্রুমে গতকাল ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করার পর আজ তিনি তা ৩৫০ রানে নিয়ে যান।
এর আগে বাংলাদেশের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। ২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দীর্ঘ সাত বছর পর তামিমের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন হৃদয়।
নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের কিংবা যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে, তবে তা অসাধারণ। রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই, তাই আমার রেকর্ডটি ভেঙে যাওয়ায় আমি খুবই খুশি।’
হৃদয়ের এই অর্জনকে দেশের ক্রিকেটের অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন তামিম। তিনি আরও বলেন, ‘ইতিহাস গড়ার জন্য তাওহীদ হৃদয়কে অভিনন্দন। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ রানের কোটা স্পর্শ করতে পারা কেবল একটি ব্যক্তিগত অর্জনই নয়, এটি আমাদের ক্রিকেটের এগিয়ে যাওয়ার একটি বড় প্রতীক।’
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০