
ঝিনাইদহে পৃথক দুটি ঘটনায় পারিবারিক বিরোধের জেরে আপন দুই ভাই প্রাণ হারিয়েছেন। শনিবার বিকেলে ও সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপা এবং সদর উপজেলায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। প্রথম ঘটনায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই এবং দ্বিতীয় ঘটনায় বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকূপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে সুপারি পাড়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়। শুক্রবার বাড়ির গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাই মজিবুল ইসলামের (৪৮) সঙ্গে ছোট ভাই রবিউল ইসলামের বাগবিতণ্ডা হয়। এর জেরে শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে মারামারি শুরু হলে রবিউল লাঠি দিয়ে মজিবুলের মাথায় আঘাত করেন। এসময় মজিবুলের স্ত্রী ও ছেলেও আহত হন। গুরুতর অবস্থায় মজিবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত রবিউল পালিয়ে গেলেও স্থানীয়রা তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবীর মোল্লা জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্বামীকে বাঁচাতে গিয়ে মজিবুলের স্ত্রী ও ছেলেও রক্তাক্ত হন।
অপরদিকে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে পারিবারিক কলহের বলি হয়েছেন সোহান মন্ডল (২৮)। শনিবার বিকেলে সুমনের সঙ্গে সোহানের স্ত্রীর ঝগড়া হয়। পরে সন্ধ্যায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় সজোরে আঘাত করেন। এতে গুরুতর আহত সোহানকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়রা হুমা তাঁকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, এই ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০