
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর মরণব্যাধির তথ্য গোপন রাখার স্বীকৃতিস্বরূপ বোম্বের (বর্তমান মুম্বাই) দুই পারসি চিকিৎসককে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'নিশান-ই-ইমতিয়াজ' দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের আগে অত্যন্ত সংবেদনশীল সময়ে জিন্নাহর শারীরিক অবস্থার গোপনীয়তা রক্ষার জন্য চিকিৎসক ডা. জল রতনজি প্যাটেল ও রেডিওলজিস্ট ডা. জল ধাইভো-কুকে এই মরণোত্তর সম্মাননা প্রদানের জন্য মনোনীত করেছে ইসলামাবাদ। ২০২৭ সালের মার্চ মাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কার কমিটির প্রধান এবং ফেডারেল মন্ত্রী ফর প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেশাল ইনিশিয়েটিভস আহসান ইকবাল জানান, ১৯৪৬ সালে ডা. প্যাটেল ও ডা. ধাইভো-কু জিন্নাহর এক্স-রে পরীক্ষা করে নিশ্চিত হয়েছিলেন যে তিনি যক্ষ্মায় আক্রান্ত এবং তার আয়ু বড়জোর এক থেকে দুই বছর। তবে তারা পেশাগত শপথের প্রতি অবিচল থেকে এই তথ্য অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে গোপন রেখেছিলেন। আহসান ইকবালের মতে, চিকিৎসকদের এই নীরব কিন্তু অসাধারণ সেবা অনিচ্ছাকৃতভাবে পাকিস্তান সৃষ্টির পথ সুগম করেছিল।
ইতিহাসবিদ আকবর আহমেদ তার ‘জিন্নাহ, পাকিস্তান অ্যান্ড ইসলামিক আইডেন্টিটি: দ্য সার্চ ফর সালাদিন’ বইয়ে উল্লেখ করেছেন, ১৯৩০-এর দশক থেকেই জিন্নাহ যক্ষ্মায় ভুগছিলেন। নিজের রাজনৈতিক ভাবমূর্তি ও নেতৃত্বের ওপর প্রভাব পড়ার আশঙ্কায় তিনি এই অসুস্থতার বিষয়টি বোন ফাতিমা জিন্নাহসহ গুটিকয়েক ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া আর কাউকে জানতে দেননি। সে সময় যক্ষ্মা ছিল একটি প্রাণঘাতী রোগ এবং এর কোনো কার্যকর অ্যান্টিবায়োটিক চিকিৎসা ছিল না। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং দেশভাগের মাত্র এক বছরের কিছু বেশি সময় পর ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি ফুসফুসের যক্ষ্মায় মৃত্যুবরণ করেন।
আহসান ইকবাল তার এক্সে দেওয়া পোস্টে উল্লেখ করেন, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন পরবর্তীতে স্বীকার করেছিলেন যে, জিন্নাহর অসুস্থতার ভয়াবহতা সম্পর্কে তিনি আগে জানলে হয়তো দেশভাগের প্রক্রিয়া পিছিয়ে দিতেন। এটি ইতিহাসের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারতো। পুরস্কার কমিটির চেয়ারম্যান হিসেবে এই দুই চিকিৎসকের পেশাগত সততাকে সম্মান জানাতে পেরে তিনি গর্বিত বলেও জানান।
জিন্নাহর মৃত্যুর ৭৮ বছর পর এই দুই চিকিৎসককে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগটি বেশ তাৎপর্যপূর্ণ। মন্ত্রী আহসান ইকবালের ভাষ্যমতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়ে পেশাগত গোপনীয়তা বজায় রেখে তারা যে সেবা দিয়েছিলেন, তা পাকিস্তান রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এক অনস্বীকার্য ভূমিকা পালন করেছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০