
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব লাভ করেছেন জাইমা রহমান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ের ৪০ সদস্যের দলে জাইমাসহ মোট ছয়জন বাংলাদেশি কর্মকর্তা সুযোগ পেয়েছেন। নতুন এই দায়িত্বে তিনি কার্যালয়ের সার্বিক আইনি বিষয়গুলো তদারকি করবেন।
কার্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশিদের মধ্যে সিনিয়র কূটনীতিক আব্দুল আলিম উপপ্রধান বা ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে কাজ করবেন। এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পদে দায়িত্ব পেয়েছেন।
যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি অর্জনের পর বার-অ্যাট-ল সম্পন্ন করেন জাইমা রহমান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি। পেশাগত যোগ্যতার ধারাবাহিকতায় ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় তিনি সফলতা অর্জন করেন। অন্যদিকে উপপ্রধানের দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে সমাসীন হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তাঁর সভাপতিত্বেই বৃহস্পতিবার প্রথমবারের মতো সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি সংস্থাটির নিয়মিত কর্মী নন এবং জাতিসংঘ থেকে বেতন পান না। সভাপতির আবাসন, ভাতা ও আনুষঙ্গিক ব্যয় সাধারণত তাঁর নিজ দেশ বা সরকার বহন করে, তবে বিশেষ ক্ষেত্রে জাতিসংঘের বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও এই ব্যয় মেটানো হয়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০