
কুমিল্লার চৌদ্দগ্রামে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। স্থানীয় মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুম মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলার প্রায় ৩০টি মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক এই আসর থেকে মোট ৩৫ জন মেধাবী শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। আয়োজকদের প্রত্যাশা, এসব শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারী শায়েখ আব্দুল হক। চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মুহতামিম শাহ সাইয়েদ মুহাম্মদ যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মোশারফ হোসেন জিপু। মুফতি সাইয়েদ আবদুল আউয়ালের সঞ্চালনায় প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের অতিথিদের মধ্যে হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ইসমাইল, মুফতি জালাল উদ্দিন, মুফতি মাহমুদ হাসান, মাওলানা খলিলুর রহমান, হাফেজ আব্দুল আউয়াল সুমন, জাকারিয়া আমিনী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ ইমদাদুল হক, হাফেজ আব্দুল মান্নান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ ইকবাল ও মাওলানা সাখাওয়াত হোসাইনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। সেই সঙ্গে প্রতিটি প্রতিযোগীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ জাকারিয়া বলেন, কোমলমতি শিশুদের কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রসারে প্রহারমুক্ত ও নির্যাতনহীন একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। চৌদ্দগ্রাম উপজেলার প্রতিটি মাদ্রাসায় আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০