
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মুনছুর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকার এই বাসিন্দা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংগঠন ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আজ মঙ্গলবার বাদ আসর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা সম্পন্ন হওয়ার পর সীতাকুণ্ড ডিগ্রি কলেজ সংলগ্ন চৌধুরীপাড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মুনছুরের প্রয়াণে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার ক্ষেত্রে তার অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। শোকবার্তায় তিনি সৈয়দ আবুল মুনছুরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও দেশ-জাতির জন্য অনবদ্য অবদানের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সীতাকুণ্ড উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০