
গ্রাহক হয়রানি, পেশাগত অনিয়ম এবং দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্ত সোনালী ব্যাংক রংপুর পীরগাছা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পীরগাছা শাখা থেকে সরিয়ে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবার সকালে পীরগাছা শাখার জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা (এসপিও) ইকবাল বাহার এই প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রাহকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসার পর গত রোববার অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এজিএম কামাল পাশাকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটির অন্য সদস্য ছিলেন প্রধান কর্মকর্তা (পিও) আতিকুল ইসলাম।
রোববার দিনব্যাপী তদন্ত কমিটির সদস্যরা পীরগাছা শাখায় সরেজমিনে উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা অসংখ্য ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে কথা বলেন এবং প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তদন্ত চলাকালে গ্রাহকরা ব্যবস্থাপকের বিরুদ্ধে চেকবই ও সলভেন্সি সার্টিফিকেট প্রদানে টালবাহানা, ঋণসংক্রান্ত কার্যক্রমে অনিয়ম এবং সাধারণ গ্রাহকদের জন্য ব্যবস্থাপকের কক্ষে প্রবেশাধিকার সীমিত রাখার মতো গুরুতর অভিযোগ তুলে ধরেন।
প্রাথমিক তদন্তেই এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার মাত্র একদিনের মাথায় শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০